• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত চবির ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি, সুযোগ পাচ্ছেন পুনঃপরীক্ষার্থীরাও সীতাকুণ্ডে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান চট্টগ্রামে চালু হলো অত্যাধুনিক পেট-সিটি ল্যাব, অর্ধেক খরচেই ক্যান্সার শনাক্তের সুযোগ উত্তর কাট্টলী সনৎ দত্ত মহাশ্মশানের উন্নয়নে ২ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ, দ্রুত কাজ শুরুর প্রত্যাশা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আকস্মিক পরিদর্শন, সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ প্রথম শ্রেণিতে লটারি, বাকি সব ক্লাসে পরীক্ষা: বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ সীতাকুণ্ডে কথাকলি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট দক্ষ জনবল গঠনে সিপিডিএল পরিবারের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৪৫ বছর পর জন্মদাতা মা-বাবার সন্ধানে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা গোমেজ

চট্টগ্রামে চালু হলো অত্যাধুনিক পেট-সিটি ল্যাব, অর্ধেক খরচেই ক্যান্সার শনাক্তের সুযোগ

পোস্টকার্ড ডেস্ক ।। / ১৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল সংলগ্ন ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেসে (ইনমাস) ক্যান্সার নির্ণয়ের অত্যাধুনিক পেট-সিটি (পজিট্রন ইমিশন টমোগ্রাফি) ল্যাবের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার ছয়জন রোগীর পেট-সিটি স্ক্যান সম্পন্ন করার মধ্য দিয়ে নির্ভুলভাবে ক্যান্সার শনাক্তকরণের নতুন যুগে প্রবেশ করল চট্টগ্রাম। রোগীর শরীরে ক্যান্সার আক্রান্ত কোষের উৎপত্তি এবং তা কোথায় কোথায় ছড়িয়েছে, তা বিস্তারিত জানার একমাত্র নির্ভরযোগ্য মাধ্যম এই পেট-সিটি স্ক্যান। এতদিন চট্টগ্রামে সরকারি বা বেসরকারি কোনো পর্যায়েই এই সুবিধা না থাকায় রোগীদের ঢাকার হাসপাতালগুলোতে ছুটতে হতো, যা এখন থেকে আর প্রয়োজন হবে না।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, চট্টগ্রামে এই পরীক্ষাটি না থাকায় এবং ঢাকায় এটি অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় অনেক সময় চিকিৎসকদের ধারণার ওপর ভিত্তি করে কিংবা একাধিক ছোট পরীক্ষার রিপোর্ট দেখে কেমোথেরাপি বা রেডিওথেরাপির সিদ্ধান্ত নিতে হতো। এখন সরকারিভাবে চট্টগ্রামে এই সেবা চালু হওয়ায় রোগীরা যেমন সুনির্দিষ্ট চিকিৎসা পাবেন, তেমনি তাঁদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হবে। ঢাকার বেসরকারি হাসপাতালগুলোতে এই পরীক্ষা করাতে ৫৫ থেকে ৬০ হাজার টাকা খরচ হলেও ইনমাস চট্টগ্রামে সরকার নির্ধারিত মূল্যে প্রায় অর্ধেক খরচেই রোগীরা এই পরীক্ষা করাতে পারবেন। এছাড়া ইনমাস চট্টগ্রামে স্থাপিত ‘সাইক্লোট্রন’ মেশিন থেকে উৎপাদিত রেডিও আইসোটোপ সংগ্রহ করে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ল্যাবগুলোও চাইলে শুধু পেট-সিটি মেশিন স্থাপনের মাধ্যমে এই সেবা চালু করতে পারবে।

জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম ছাড়াও রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালায়েড সায়েন্সেস (নিনমাস), ইনমাস ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাস, সাভার পরমাণু শক্তি গবেষণা কেন্দ্র এবং ঢাকার তিনটি বেসরকারি হাসপাতালে পেট-সিটি পরীক্ষা চালু রয়েছে। তবে পরীক্ষার প্রধান উপাদান রেডিও আইসোটোপ উৎপাদনকারী ‘সাইক্লোট্রন’ মেশিন রয়েছে কেবল নিনমাস, ইনমাস চট্টগ্রাম এবং ঢাকার একটি কর্পোরেট হাসপাতালে। উল্লেখ্য, বিশ্বে ৯০ শতাংশের বেশি ক্যান্সার শনাক্ত করা হয় পেট-সিটি ও এসপিইসিটি-সিটি প্রযুক্তির মাধ্যমে। এক্স-রে, আলট্রাসনোগ্রাম বা এমআরআই কেবল টিউমারের আকার ও অবস্থান জানাতে পারলেও পেট-সিটি টিউমারের বিপাক ক্রিয়া ও গঠনগত পরিবর্তন বিশ্লেষণ করে এটি ক্যান্সার (ম্যালিগন্যান্ট) কি না, তা শতভাগ নির্ভুলভাবে নির্ণয় করতে সক্ষম।

ইনমাস চমেক ক্যাম্পাস সূত্রে জানা যায়, ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ১০৬ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করে, যার আওতায় ছয় তলা বিশিষ্ট ভবন, মলিকুলার ল্যাব এবং সাইক্লোট্রন সুবিধাসহ এই পেট-সিটি মেশিন স্থাপন করা হয়েছে। চমেক হাসপাতালের ক্লিনিক্যাল অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আলী আসগর চৌধুরী বলেন, এই ল্যাব চালুর ফলে ক্যান্সার রোগীদের ঢাকায় দৌড়ঝাঁপ বন্ধ হবে; এর পেছনে ইনমাস চট্টগ্রামের সাবেক পরিচালক অধ্যাপক ডা. তমিজ উদ্দিন মানিক ও বর্তমান পরিচালকের ভূমিকা অনস্বীকার্য। এ বিষয়ে ইনমাস চট্টগ্রামের পরিচালক অধ্যাপক ডা. পবিত্র কুমার ভট্টাচার্য্য জানান, সাইক্লোট্রন সুবিধাসহ পেট-সিটি ল্যাব চালু হওয়ায় রোগী ও চিকিৎসক উভয়ই উপকৃত হবেন এবং আপাতত সকাল থেকে অফিস চলাকালীন সময় পর্যন্ত নিয়মিত এই পরীক্ষা কার্যক্রম পরিচালিত হবে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..