চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভায় অবস্থিত কথাকলি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাতনামা দুর্বৃত্তরা বিদ্যালয়ের ছয়টি শ্রেণিকক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ১৯টি সিলিং ফ্যান এবং তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১০ হাজার টাকা বলে বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আলীমের সীতাকুণ্ড মডেল থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম শেষে শিক্ষকরা শ্রেণিকক্ষের দরজা-জানালা যথাযথভাবে বন্ধ করে বাড়ি চলে যান। এরপর টানা তিন দিন বিদ্যালয় বন্ধ থাকার সুযোগে দুর্বৃত্তরা এই চুরির ঘটনা ঘটায়। পরবর্তীতে গত ৯ নভেম্বর সকালে শিক্ষকরা বিদ্যালয়ে এসে ছয়টি কক্ষের দরজা ভাঙা অবস্থায় দেখতে পান এবং কক্ষগুলো পরিদর্শন করে ১৯টি সিলিং ফ্যান ও তিন কয়েল বৈদ্যুতিক তার চুরি যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।
এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল আলীম বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, অভিযোগটি গুরুত্বের সাথে তদন্ত করে চুরির ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালেদ / পোস্টকার্ড ;