• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
সীতাকুণ্ডের সাবেক সাব-রেজিস্ট্রার সাময়িক বরখাস্ত চবির ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি, সুযোগ পাচ্ছেন পুনঃপরীক্ষার্থীরাও সীতাকুণ্ডে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কাভার্ডভ্যান চট্টগ্রামে চালু হলো অত্যাধুনিক পেট-সিটি ল্যাব, অর্ধেক খরচেই ক্যান্সার শনাক্তের সুযোগ উত্তর কাট্টলী সনৎ দত্ত মহাশ্মশানের উন্নয়নে ২ কোটি ১৪ লাখ টাকা বরাদ্দ, দ্রুত কাজ শুরুর প্রত্যাশা সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের আকস্মিক পরিদর্শন, সেবার মানোন্নয়নে নানা উদ্যোগ প্রথম শ্রেণিতে লটারি, বাকি সব ক্লাসে পরীক্ষা: বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ সীতাকুণ্ডে কথাকলি উচ্চ বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১৯ ফ্যানসহ বৈদ্যুতিক তার লুট দক্ষ জনবল গঠনে সিপিডিএল পরিবারের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ৪৫ বছর পর জন্মদাতা মা-বাবার সন্ধানে বাংলাদেশে ডাচ নাগরিক সেলিনা গোমেজ

প্রথম শ্রেণিতে লটারি, বাকি সব ক্লাসে পরীক্ষা: বেসরকারি স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ

পোস্টকার্ড ডেস্ক ।। / ৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

২০২৭ শিক্ষাবর্ষের জন্য বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রকাশিত নীতিমালা অনুযায়ী, এখন থেকে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত লিখিত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে। ভর্তির কার্যক্রম অধিকতর স্বচ্ছ ও যুগোপযোগী করার লক্ষ্যেই এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নীতিমালায় প্রতি শ্রেণিতে শিক্ষার্থীর সংখ্যা ৫৫ জন নির্ধারণ করা হয়েছে এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রাথমিক ধাপ থেকে শুরু করে আসন শূন্য থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।

শিক্ষার্থীর বয়সের ক্ষেত্রে নীতিমালায় বলা হয়েছে, জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুযায়ী প্রথম শ্রেণিতে ভর্তির সময় শিক্ষার্থীর বয়স ১ জানুয়ারিতে সর্বনিম্ন ৬ বছর বা তার বেশি এবং কোনোক্রমেই ৭ বছরের বেশি হতে পারবে না। সে হিসেবে শিক্ষার্থীর জন্মতারিখ ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে হতে হবে এবং জন্মনিবন্ধন সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত শিথিলতার সুযোগ রাখা হয়েছে।

ভর্তি প্রক্রিয়ার নিয়ম অনুযায়ী, প্রথম শ্রেণিতে বাধ্যতামূলকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচনের পাশাপাশি সমান সংখ্যক অপেক্ষমাণ তালিকাও তৈরি করতে হবে। অন্যদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে শিক্ষার্থী বাছাই করা হবে, যেখানে নবম শ্রেণিতে ভর্তির জন্য অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় ও তৃতীয় শ্রেণির ভর্তি পরীক্ষার পূর্ণমান রাখা হয়েছে ৫০ (বাংলা ১৫, ইংরেজি ১৫, গণিত ২০) এবং পরীক্ষার সময় ১ ঘণ্টা। এছাড়া চতুর্থ থেকে নবম শ্রেণির পরীক্ষার পূর্ণমান ১০০ (বাংলা ৩০, ইংরেজি ৩০, গণিত ৪০) এবং সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা।

ঢাকা মহানগরীর বেসরকারি স্কুলগুলোয় ভর্তির ক্ষেত্রে স্কুল-সংলগ্ন ক্যাচমেন্ট এলাকার শিক্ষার্থীদের জন্য ৪০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। তবে পঞ্চম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণিতে উন্নীতদের ক্ষেত্রে এই কোটা প্রযোজ্য হবে না। আবেদন ফি হিসেবে প্রথম শ্রেণিতে সর্বোচ্চ ১১০ টাকা এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে সর্বোচ্চ ২৫০ টাকা (ঢাকা মহানগরী ও অন্যান্য অঞ্চলের জন্য এমপিওভিত্তির ভিত্তিতে ২০০ টাকা পর্যন্ত) নির্ধারণ করা হয়েছে। এছাড়া ক্যাটাগরি অনুযায়ী সেশন চার্জসহ ভর্তি ফি মফস্বলে ৫০০, উপজেলা পৌর এলাকায় ১০০০, জেলা সদরে ২০০০, ঢাকা মহানগরী বাদে অন্যান্য মহানগরে ৩০০০ এবং ঢাকার এমপিওভুক্ত প্রতিষ্ঠਾਨে সর্বোচ্চ ৫০০০ টাকা এবং আংশিক ও অনএমপিও প্রতিষ্ঠানে মাধ্যমভেদে সর্বোচ্চ ৮০০০ থেকে ১০,০০০ টাকা পর্যন্ত নির্ধারিত করা হয়েছে। বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তী শ্রেণিতে ওঠার ক্ষেত্রে সেশন চার্জ নেওয়া গেলেও কোনোভাবেই পুনঃভর্তি ফি আদায় করা যাবে না বলে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

খালেদ / পোস্টকার্ড ; 


এই ক্যাটাগরীর আরো খবর..