• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
  • |
  • ⇅ Bangla Converter
  • |
শিরোনাম :
কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন ডাচেস সোফি সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলন, ক্ষোভ ও আতঙ্কে স্থানীয়রা মীরসরাইয়ে মিয়ানমারে সার পাচারের অভিযোগ, বিএনপি-ছাত্রদলের ৩ নেতা গ্রেপ্তার পতেঙ্গায় পোশাক শ্রমিকদের বাস আইল্যান্ডে ধাক্কা: হেলপার নিহত, আহত ১৮ ১ জানুয়ারি সীতাকুণ্ডের ডিসি পার্কে শুরু হচ্ছে ফ্লাওয়ার ফেস্টিভ্যাল ২০২৭ সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে হামলা ও ভাঙচুর, আহত ২ নারী সীতাকুণ্ডে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত মীরসরাইয়ে দীপ্ত যুব ফাউন্ডেশনের উদ্যোগে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ মীরসরাইয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

সীতাকুণ্ডে মহাসড়কে পথ পারাপার ও ইউটার্ন সংকট, রোগী-স্বজনদের চরম মৃত্যুঝুঁকি

বিশেষ প্রতিবেদক ।। / ১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জীবন বাঁচাতে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রতিনিয়ত চরম মৃত্যুঝুঁকির মুখে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা। একদিকে হাসপাতালের প্রধান ফটক, অন্যদিকে পথচারী ও যানবাহনের যাতায়াতের মূল পথ—আর ঠিক মাঝখানেই বাধা হয়ে দাঁড়িয়ে আছে উঁচু সড়ক বিভাজক (ডিভাইডার)। মহাসড়কে নিরাপদে পথ পারাপারের সুনির্দিষ্ট ও পরিকল্পিত কোনো ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবন বাজি রেখে দ্রুতগতির দূরপাল্লার যানবাহনের ফাঁক গলেই পার হতে হচ্ছে সাধারণ মানুষকে।

মহাসড়কে চলাচলের নিরাপদ মাধ্যম না থাকায় অনেকে উঁচু ডিভাইডার টপকে পার হচ্ছেন, আবার অনেকেই মহাসড়কের তীব্র গতি পর্যবেক্ষণ করে দৌড়ে পার হওয়ার চেষ্টা করছেন। ফলে শিশু, প্রবীণ, অন্তঃসত্ত্বা নারী, প্রতিবন্ধী ও গুরুতর অসুস্থ রোগীদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। শুধু রোগী বা স্বজনই নন, এই হাসপাতালে নিয়োজিত চিকিৎসক, নার্স ও কর্মচারীদেরও প্রতিদিন একইভাবে জীবনের ঝুঁকি নিয়ে কর্মস্থলে যাতায়াত করতে হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বে মহাসড়ক পার হওয়ার সময় গাড়িচাপায় শফি নামে হাসপাতালের এক কর্মচারী মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছেন এবং একাধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি কেবল স্থানীয় বাসিন্দাদের ওপর নির্ভরশীল নয়; এটি উপকূলীয় অঞ্চল, পাহাড়ি দুর্গম এলাকা এবং পার্শ্ববর্তী মীরসরাই উপজেলার একটি বড় অংশের চিকিৎসাসেবার প্রধান ভরসাস্থল। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুর্ঘটনাকবলিত ব্যক্তি ও স্থানীয় শত শত শিল্পকারখানার শ্রমিকদের জরুরি চিকিৎসার জন্য প্রথমে এখানেই নিয়ে আসা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চিকিৎসাকেন্দ্রটির সামনে সুনির্দিষ্ট ইউটার্ন না থাকায় চট্টগ্রাম বা দক্ষিণাঞ্চল থেকে আসা জরুরি রোগী বহনকারী অ্যাম্বুলেন্সকে প্রায় ছয় কিলোমিটার পথ ঘুরে আসতে হয়। জরুরি মুহূর্তে সময় বাঁচাতে বাধ্য হয়ে অনেক অ্যাম্বুলেন্স উল্টো পথে যাতায়াত করছে, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে।

কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউদ্দিন জানান, দূরত্ব এড়াতে চালকদের উল্টো পথে গাড়ি চালানো অত্যন্ত বিপজ্জনক এবং এটি যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। তিনি কেবল আইন প্রয়োগ না করে অনতিবিলম্বে একটি কার্যকর ও নিরাপদ ইউটার্ন স্থাপনের ওপর জোর দেন। এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিব্বীর আহমেদ প্রিন্স এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রাহাত নূর জানান, রোগীদের সুরক্ষায় মহাসড়কের উক্ত অংশে পর্যাপ্ত আলোকসজ্জা, নির্দেশনামূলক স্পষ্ট সাইনবোর্ড ও গতি নিয়ন্ত্রকসহ নিরাপদ পারাপার নিশ্চিত করা এখন সময়ের দাবি।

এদিকে সড়ক ও জনপথ বিভাগের (চট্টগ্রাম) নির্বাহী প্রকৌশলী মাইদুল ইসলাম জানান, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) সংলগ্ন এলাকা এবং সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সংকটময় পরিস্থিতি নিরসনে বিশেষজ্ঞ দলের সঙ্গে আলোচনা চলছে। বিশেষজ্ঞ দলের সরেজমিন সমীক্ষা ও পরামর্শ অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে স্থানীয় সচেতন মহলের মতে, কেবল সাধারণ সিঁড়িযুক্ত ফুটওভারব্রিজ নির্মাণ করলে হুইলচেয়ার ও স্ট্রেচারে থাকা অসুস্থ রোগী এবং প্রবীণদের ভোগান্তি কমবে না। তাই র‍্যাম্প সুবিধাসংবলিত ওভারব্রিজ, পর্যাপ্ত আলো, গতিসীমা নির্দেশক সাইনবোর্ড এবং অ্যাম্বুলেন্সের নির্বিঘ্ন যাতায়াতের জন্য পরিকল্পিত ব্যবস্থা অবিলম্বে বাস্তবায়নের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

খালেদ  / পোস্টকার্ড ;


এই ক্যাটাগরীর আরো খবর..