কাইয়ুম চৌধুরী ।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮ নম্বর সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সোনাইছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চৌধুরী মো. শাহান শাহ শাহজাহানের ২৭তম শাহাদাতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির উদ্যোগে কোরআন খতম, মিলাদ মাহফিল, শোক র্যালি, আলোচনা সভা, কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শোক র্যালিটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মরহুমের কবর জিয়ারত, শ্রদ্ধা নিবেদন এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মরহুমের সহধর্মিণী নাজমুন নাহার চৌধুরী নেলী।
প্রধান বক্তা ছিলেন সোনাইছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ নুর উদ্দিন মো. জাহাঙ্গীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ বিএ, সাংবাদিক কামরুল ইসলাম দুলু, মো. ইদ্রিস, কোরবান আলী সাহেদ, মনজুরুল ইসলাম, মো. নুর উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।
স্মরণসভায় বক্তারা বলেন, চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান ছিলেন এ জনপদের একজন সাহসী, সৎ ও জনদরদি জনপ্রতিনিধি। অন্যায়ের বিরুদ্ধে তিনি ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর। শিক্ষা বিস্তারে তাঁর অবদান আজও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠিত শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এলাকার উন্নয়ন এবং মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তাঁর আদর্শ ও কর্ম আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ৪ আগস্ট বাড়ি ফেরার পথে নিজ বাড়ির আঙিনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের হামলায় চৌধুরী মো. শাহান শাহ শাহজাহান নিহত হন। তাঁর স্মৃতিকে ধরে রাখতে প্রতিবছর শাহাদাতবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;




















