সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য ছড়িয়ে পুলিশ বাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। এ ধরনের অপপ্রচারে জড়িত ব্যক্তি ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।
সোমবার (৩ আগস্ট) এক বিবৃতিতে পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, সম্প্রতি পুলিশপ্রধান থেকে শুরু করে রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের বিগত সরকারের সহযোগী হিসেবে উপস্থাপন করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই এসব তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং কর্মকর্তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো কর্মকর্তা নতুন কর্মস্থলে যোগদানের পরপরই তাঁকে লক্ষ্য করে অপপ্রচার চালানোর প্রবণতা দেখা যাচ্ছে। তাছাড়া নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক সাংবাদিক পরিচয় দেওয়া বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিদ্বেষমূলক প্রচারণা চালিয়ে তাঁদের পেশাগত সুনাম নষ্ট করার চেষ্টা করছেন।
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন জানায়, কোনো পুলিশ সদস্য অতীতে গুম, খুন, নির্যাতন বা অন্য কোনো অপরাধে জড়িত থাকলে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত। তবে শুধুমাত্র পূর্ববর্তী সরকারের সময়ে দায়িত্ব পালন করেছেন—এমন অজুহাতে পেশাদার, সৎ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির কর্মকর্তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার গ্রহণযোগ্য নয়।
সংগঠনটির মতে, এসব প্রচারণার উদ্দেশ্য হলো পুলিশ কর্মকর্তাদের মনোবল ভেঙে দেওয়া, দক্ষ ও সৎ কর্মকর্তাদের বিতর্কিত করা এবং জনগণের মধ্যে পুলিশ বাহিনী সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টি করা। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের কার্যক্রম ব্যাহত করারও অপচেষ্টা চলছে।
এ পরিস্থিতিতে মানহানিকর অপপ্রচার, মিথ্যা তথ্য প্রচার এবং পেশাদার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।
পাশাপাশি পুলিশ বাহিনীর পেশাদারিত্ব বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেতন নাগরিক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে সংগঠনটি।
খালেদ / পোস্টকার্ড ;




















