বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (চট্টগ্রাম রেঞ্জ) মো. মনিরুজ্জামান চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত আরব শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং লিমিটেড পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনকালে অতিথিরা প্রতিষ্ঠানটির আধুনিক অবকাঠামো, পরিচ্ছন্ন কর্মপরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা এবং পরিবেশবান্ধব কার্যক্রম ঘুরে দেখেন। আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিচালিত জাহাজ পুনর্ব্যবহার কার্যক্রম সম্পর্কে তারা অবহিত হন।
এ সময় অ্যাডিশনাল আইজিপি মো. মনিরুজ্জামান প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, নিরাপত্তা, পরিবেশ সংরক্ষণ এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পরিচালিত এ ধরনের উদ্যোগ দেশের শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটির ধারাবাহিক উন্নয়ন ও সাফল্য কামনা করেন। একই সঙ্গে দেশের অর্থনীতি, শিল্পায়ন এবং ইস্পাত খাতে শিপ ব্রেকিং শিল্পের গুরুত্বপূর্ণ অবদানেরও প্রশংসা করেন।
প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শিপ ব্রেকিং ও রিসাইক্লিং শিল্পসমৃদ্ধ দেশ। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেও এ খাত আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে পরিবেশবান্ধব ও নিরাপদ শিল্প হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে। এ ধরনের উচ্চপর্যায়ের সৌজন্য পরিদর্শন দেশের শিপ ব্রেকিং শিল্পের প্রতি রাষ্ট্রের আস্থা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যা শিল্পটির ভবিষ্যৎ উন্নয়নে আরও উৎসাহ জোগাবে।
খালেদ / পোস্টকার্ড ;



















