বন্যা কবলিত অসহায় মানুষের চরম দুর্ভোগের চিত্র তুলে ধরে তাদের পাশে দাঁড়ানোর জন্য সামর্থ্যবান দেশবাসী ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি বিশেষভাবে আহ্বান জানিয়েছেন সুন্নি নূরানী বোর্ড বাংলাদেশ-এর চেয়ারম্যান ও আহলে সুন্নাত ওয়াল জামা’আত বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবুল আসাদ জুবায়ের রেজভী।
বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আল্লামা আবুল আসাদ জুবায়ের রেজভী বলেন, বন্যায় ঘরবাড়ি ভেঙে যাওয়ায় আশ্রয়হীন মানুষগুলোর দিন কাটছে অমানবিক কষ্টে। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারী, দুগ্ধপোষ্য শিশু, অসুস্থ ব্যক্তি এবং বৃদ্ধ মা-বাবাদের নিয়ে তারা যে অসহনীয় সংকটে পড়েছেন, তা অত্যন্ত বেদনাদায়ক। পর্যাপ্ত সাইক্লোন সেন্টার না থাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলো প্লাবিত হওয়ায় আশ্রয় নেওয়ার মতো জায়গাও মিলছে না অনেক জায়গায়।
বর্তমানে বন্যার পানি কিছুটা কমতে শুরু করায় ত্রাণ বিতরণের ধরনে পরিবর্তনের পরামর্শ দিয়েছেন এই মানবিক ব্যক্তিত্ব। তিনি বলেন, “বানভাসি মানুষের জন্য এখন আর শুকনো খাবারের প্রয়োজন নেই। যারা শুকনো খাবারের পেছনে অর্থ ব্যয় করছেন, তারা সেই টাকাগুলো নগদ হিসেবে অসহায়দের হাতে পৌঁছে দিন।” তার মতে, নগদ অর্থ পেলে ক্ষতিগ্রস্তরা তাদের ভেঙে যাওয়া ঘরবাড়ি মেরামত এবং পুনর্বাসনের কাজে সেই টাকা ব্যবহার করতে পারবে, যা তাদের জন্য অধিকতর কল্যাণকর হবে।
বন্যা কবলিত বিশাল এলাকায় এখনো অনেকে প্রয়োজনীয় সাহায্য পায়নি জানিয়ে আল্লামা আবুল আসাদ জুবায়ের রেজভী সামর্থ্যবানদের প্রতি বিশেষ অনুরোধ জানান। তিনি বলেন, “যাদের কাছে যাকাতের টাকা আছে, তা এখনই এই গরিব-অসহায় মানুষগুলোর মাঝে বিলিয়ে দিন। এছাড়া অনেক ধনী ব্যক্তির ব্যাংকে অলস পড়ে থাকা সুদের টাকাগুলো সওয়াবের নিয়ত ছাড়াই এই মুহূর্তে বানভাসি মানুষের দুর্দিন কাটানোর জন্য দান করুন।”
তিনি আরও যোগ করেন, “আমরা বানভাসি মানুষদের দয়া করলে মহান আল্লাহ আমাদের প্রতি দয়া করবেন। তাদের এই মুসিবতের সময় আমরা সাহায্য করলে আল্লাহ তা’আলা আমাদের বিপদের সময় সাহায্য করবেন।”
পরিশেষে তিনি বানভাসি মানুষদের এই অসহনীয় দুর্ভোগ থেকে মুক্তি লাভের জন্য মহান আল্লাহর দরবারে ফরিয়াদ জানান এবং অসহায়দের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিতে দেশবাসীর প্রতি বিনম্র অনুরোধ করেন।
খালেদ / পোস্টকার্ড ;




















