চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিনের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের ৬ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বুধবার পৌরসভার পন্থিছিলা হাজীপাড়া এলাকায় শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার (১৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে ইকবাল, গিয়াস উদ্দিন, জাফর, মাহিন, মামুনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল আলাউদ্দিনের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।
হামলায় তারেক, ইয়াছমিন আক্তার, তানভীর, কায়সার হামিদ, রাকিবসহ ৬ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন অভিযোগ করেন, হামলাকারীরা চাইনিজ কুড়াল, কিরিচ ও চাপাতিসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালায়। এ সময় পরিবারের সদস্যদের কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
তবে অভিযোগ অস্বীকার করে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা বলেন, ঘটনার সময় অপর পক্ষের হারুনের পরিবারের দুই সদস্যও আহত হয়েছেন। এছাড়া তাদের একটি দোকান ভাঙচুর করা হয়েছে।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও মারামারির ঘটনা ঘটেছে। উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
খালেদ / পোস্টকার্ড ;



















