চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার শিক্ষা অঙ্গনে উদ্বেগের নতুন কারণ হয়ে দাঁড়িয়েছে একটি ময়লার স্তূপ। উপজেলার লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজ-এর প্রধান ফটকের পাশেই দীর্ঘদিন ধরে জমে উঠেছে গৃহস্থালি বর্জ্যের ভাগাড়, যা শিক্ষক- শিক্ষার্থীসহ পথচারীদের জন্য তৈরি করছে চরম স্বাস্থ্যঝুঁকি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজ সংলগ্ন কয়েকটি কলোনির বাসিন্দারা নিয়মিতভাবে ওই স্থানে ময়লা-আবর্জনা ফেলায় জায়গাটি এখন কার্যত উন্মুক্ত ডাস্টবিনে পরিণত হয়েছে। প্লাস্টিক, পলিথিন, খাদ্যবর্জ্যসহ নানা ধরনের আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে পুরো এলাকায়। বিশেষ করে গরম আবহাওয়ায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
কলেজের কয়েকজন শিক্ষার্থী জানান, সকালে ক্লাসে আসার সময় প্রধান ফটকের পাশ দিয়ে যেতে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় দুর্গন্ধ ক্লাসরুম পর্যন্ত পৌঁছে যায়, ফলে পাঠদানে যেমন বিঘ্ন ঘটে, তেমনি মনোযোগ ধরে রাখাও কঠিন হয়ে পড়ে।
শিক্ষার্থী জান্নাতুন নাঈম বলেন,জ্ঞান অর্জনের জন্য কলেজে আসি, কিন্তু গেটে ঢুকতেই নাক চেপে চলতে হয়। বিষয়টি খুবই অস্বস্তিকর এবং লজ্জাজনক।
স্থানীয় সচেতন নাগরিকদের মতে, আবর্জনার স্তূপ থেকে মশা-মাছির উপদ্রব বাড়ছে, যা ডায়রিয়া, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকি তৈরি করতে পারে। একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রবেশমুখে এমন পরিবেশ শুধু স্বাস্থ্যঝুঁকিই নয়, শিক্ষা পরিবেশের জন্যও হুমকি।
এলাকাবাসীর দাবি, বিষয়টি দ্রুত সমাধানে কলেজ কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট পৌর প্রশাসনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদেরও সচেতন হয়ে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার আহ্বান জানিয়েছেন তারা।
সচেতন মহলের প্রশ্ন—যেখানে ভবিষ্যৎ প্রজন্ম গড়ে ওঠার কথা, সেখানে যদি প্রবেশমুখেই থাকে ময়লার ভাগাড়, তবে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে উঠবে কীভাবে? এখনই কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
খালেদ / পোস্টকার্ড ;




















