যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার (২৮ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফখরুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বেশ কয়েকটি যানবাহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থলেই সংশ্লিষ্ট পরিবহনগুলোর বিরুদ্ধে আইন অনুযায়ী তাৎক্ষণিক জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সম্প্রতি যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ বাড়তে থাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় যাত্রীদের সঙ্গে কথা বলে এবং ভাড়ার তালিকা যাচাই করে অনিয়মের সত্যতা পাওয়া যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ফখরুল ইসলাম বলেন, “যাত্রীদের জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।”
এদিকে, অভিযানের খবরে এলাকায় উপস্থিত অন্যান্য পরিবহন চালক ও শ্রমিকদের মধ্যে সচেতনতা সৃষ্টি হয় এবং অনেকেই নির্ধারিত ভাড়া অনুযায়ী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া শুরু করেন।
সাধারণ যাত্রীরা ভ্রাম্যমাণ আদালতের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এতে করে দীর্ঘদিনের ভোগান্তি কিছুটা হলেও কমবে বলে তারা আশা করছেন।
খালেদ / পোস্টকার্ড ;




















