চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকায় চলন্ত ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন ও দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টার দিকে বাংলাদেশ মিলিটারি গেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের পরপরই আতঙ্কিত যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে পড়ায় বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি ভাটিয়ারী এলাকা অতিক্রম করার সময় হঠাৎ ইঞ্জিনের পেছনের বগিতে ধোঁয়া ও আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ইঞ্জিন ও পাশের দুটি বগিতে ছড়িয়ে পড়ে। চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দিলে যাত্রীরা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের সাব-স্টেশন কর্মকর্তা আহসান আলী গণমাধ্যমকে জানান, “খবর পাওয়ার পরপরই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে। ট্রেনের ইঞ্জিন ও দুটি বগি ক্ষতিগ্রস্ত হলেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
অগ্নিকাণ্ডের কারণে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল সাময়িকভাবে বিঘ্নিত হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বগিগুলো সরিয়ে লাইন সচল করা হয়। তবে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে না কি অন্য কোনো কারণে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে।
খালেদ / পোস্টকার্ড ;




















