চট্টগ্রামের সীতাকুণ্ডে ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনের শীতাতপ নিয়ন্ত্রিত বগি ও পাওয়ার কারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে রেলওয়ে পূর্বাঞ্চল এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছে।
বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে বিভাগীয় পরিবহন কর্মকর্তাকে (ডিটিও) প্রধান করে চার সদস্যের এই কমিটি করা হয়েছে। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক ধারণায় যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে মনে করা হলেও, তদন্ত কমিটি অধিকতর যাচাই-বাছাই করে চূড়ান্ত প্রতিবেদন দেবে। ডিআরএম আরও জানান, তদন্তে গাফিলতি বা সুনির্দিষ্ট কোনো কারণ বেরিয়ে এলে সেই অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সীতাকুণ্ডের ভাটিয়ারী বিএমএ গেট সংলগ্ন এলাকা অতিক্রম করছিল। এসময় হঠাৎ ট্রেনের পাওয়ার কার এবং এর সাথে থাকা শীতাতপ নিয়ন্ত্রিত ‘চ’ বগিতে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সময় যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়লেও সৌভাগ্যবশত কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত বগি দুটি বিচ্ছিন্ন করে বিকল্প বগি সংযোজনের মাধ্যমে প্রায় আড়াই ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। বর্তমানে এই রুটে সিডিউল অনুযায়ী ট্রেন চলাচল করছে।
খালেদ / পোস্টকার্ড ;




















