সীতাকুণ্ডের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দ্রুতগতির ট্রাকের চাপায় তানভীর আহম্মদ সাকিব (২৬) নামে এক কাপড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) ইফতারের পরপরই মহাসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তানভীর সীতাকুণ্ড পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের ভূঁইয়া পাড়া এলাকার মো. নুর নবীর ছেলে। তিনি ভ্যানগাড়িতে করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শিশুদের কাপড় বিক্রি করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় তানভীর তার ভ্যানগাড়িটি নিয়ে ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনের একটি ছোট ইউটার্ন দিয়ে মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ট্রাক ভ্যানগাড়িসহ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিহত যুবক ভ্যানগাড়িতে করে ভাটিয়ারী ও ফৌজদারহাট এলাকায় শিশুদের পোশাক বিক্রি করতেন। মহাসড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে চাপা দেয়। আমরা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হয়েছি।”
তিনি আরও জানান, লাশের আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খালেদ / পোস্টকার্ড ;




















