চট্টগ্রামের সীতাকুণ্ডে পাচারকালে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, থ্রি-পিস, লেহেঙ্গা এবং বিদেশি সিগারেটের একটি বিশাল চালান জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ কোটি ৯২ লাখ টাকা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে সীতাকুণ্ড থানাধীন ছোট কুমিরা বাজার সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযান চালিয়ে এই সাফল্য পায় কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি স্টেশন ভাটিয়ারী।
এ অভিযানে উদ্ধারকৃত পণ্যের মধ্যে রয়েছে, বিলাসবহুল ভারতীয় শাড়ি , আধুনিক ডিজাইনের থ্রি-পিস ও লেহেঙ্গা এবং ১ হাজার ২৯৮ কার্টন নামি ব্র্যান্ডের বিদেশি সিগারেট।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, শুল্ক ফাঁকি দিয়ে একটি বড় চালানের ভারতীয় পণ্য পাচার হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। এ সময় একটি সন্দেহভাজন কাভার্ডভ্যানকে থামার সংকেত দেওয়া হয়। ভ্যানটি তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বস্ত্র সামগ্রী এবং ১ হাজার ২৯৮ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়।
তিনি বলেন, অভিযান শেষে জব্দকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাভার্ডভ্যান চালক ও হেল্পারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
তিনি আরও বলেন, “দেশের অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে এবং রাজস্ব ফাঁকি রোধে চোরাচালান বিরোধী এই ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বজায় রাখা হবে। সীমান্ত ও মহাসড়কে আমাদের নজরদারি আরও জোরদার করা হয়েছে।”
খালেদ / পোস্টকার্ড ;




















