সীতাকুণ্ড চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আংশিক পাহাড়তলী-আকবরশাহ) আসনের নির্বাচনী মাঠে পরিবর্তনের ডাক দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী।
রোববার (৮ ফেব্রুয়ারি) জঙ্গল সলিমপুরে আয়োজিত এক বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অবহেলিত জনপদকে একটি আধুনিক ও আদর্শ এলাকায় রূপান্তরের মহাপরিকল্পনা তুলে ধরেন।
নাম পরিবর্তন ও আধুনিকায়নের ঘোষণা আনোয়ার ছিদ্দিক চৌধুরী বলেন, “প্রকৃতি জঙ্গল সলিমপুর ও আলীনগরকে অকৃপণভাবে সাজিয়েছে। একদিকে পাহাড়, অন্যদিকে ঝরনা—এমন সৌন্দর্য সচরাচর দেখা যায় না। অথচ এই এলাকাটিকে আমরা ‘জঙ্গল’ বা ‘ছিন্নমূল’ বলে ডাকি, যা অত্যন্ত শ্রুতিকটু। আল্লাহ যদি আমাকে সেবা করার সুযোগ দেন, তবে এই এলাকার নাম হবে ‘বিউটি সলিমপুর’। এখানকার প্রকৃতি যেমন সুন্দর, মানুষগুলোও তেমন হৃদয়ের অধিকারী।”
নাগরিক সংকট নিরসনে গুরুত্ব বক্তব্যে তিনি স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা স্মরণ করে বলেন, “এলাকাটি সুন্দর হলেও এখানে নাগরিক সেবার চরম অভাব। বিশেষ করে উন্নত চিকিৎসা ও যুগোপযোগী শিক্ষার কোনো সুব্যবস্থা নেই। সবচেয়ে বড় সংকট হলো সুপেয় পানি। সাধারণ মানুষ পানির জন্য হাহাকার করে।”
নির্বাচিত হলে তিনি গভীর নলকূপ (ডিপ টিউবওয়েল) স্থাপনের মাধ্যমে ঘরে ঘরে বিশুদ্ধ পানি পৌঁছে দেবেন । তাছাড়া জঙ্গল সলিমপুরে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ও আধুনিক চিকিৎসা কেন্দ্র গড়ে তুলবেন এবং
সীতাকুণ্ডকে একটি আধুনিক ও স্মার্ট মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন।
জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে আয়োজিত এই সমাবেশে স্থানীয় জামায়াত নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা এলাকার উন্নয়নে আনোয়ার ছিদ্দিক চৌধুরীর বলিষ্ঠ নেতৃত্বের প্রতি সংহতি প্রকাশ করেন।
খালেদ / পোস্টকার্ড ;




















