চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসী হামলায় র্যাবের উপসহকারী পরিচালক মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহতের ঘটনায় অবশেষে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে র্যাবের একজন কর্মকর্তা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলাটি দায়ের করেন। মামলায় ইয়াসিন নামের এক ব্যক্তিকে এক নম্বর আসামি করা হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখন পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ ও র্যাব সূত্রে জানা যায়, গত সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাস দমনে অভিযানে যায় র্যাব-৭-এর একটি দল। অভিযানের এক পর্যায়ে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।
ঘটনার সময় ধারণ করা একটি সিসিটিভি ফুটেজে দেখা গেছে, কয়েকশ’ দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে র্যাবের দুটি মাইক্রোবাস ধাওয়া করে। তারা গাড়ির কাচ ভাঙচুর করে এবং প্রকাশ্যে র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। একপর্যায়ে হামলাকারীরা র্যাব সদস্যদের মারধর করে এবং তাদের ব্যবহৃত অস্ত্র ছিনিয়ে নেয়।
হামলার সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে এলাকার গেট বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়, যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা পৌঁছাতে না পারে। এই নৃশংস হামলায় র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেন ভূঁইয়াকে গুলি করে ও পিটিয়ে হত্যা করা হয়। এতে আরও চারজন র্যাব সদস্য গুরুতর আহত হন।
নিরাপত্তা বাহিনীর দাবি, জঙ্গল সলিমপুর এলাকা দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ ও র্যাব।
খালেদ / পোস্টকার্ড ;




















