সীতাকুণ্ডে উপকূলীয় বনে হরিণ শিকার করার অভিযোগে এক যুবককে আটক করেছে বন বিভাগ। বুধবার বিকেলে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর সাগরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবককে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত যুবকের নাম মোহাম্মদ সজীব (২৮)। তিনি ওই ইউনিয়নের বাসিন্দা।
বন বিভাগ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বগাচতর বিটের অধীন এলাকায় বেড়িবাঁধ থেকে প্রায় দেড় কিলোমিটার গভীর বনে অভিযান চালিয়ে সজীবকে হরিণের মাংসসহ আটক করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যান। তাঁরা মাংস বিক্রির উদ্দেশ্যে হরিণটি শিকার করেছিলেন। অভিযানে হরিণের মাংস ও মাথা উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মাংস কেরোসিন তেল মেখে সংরক্ষণ করা হয়েছে। বৃহস্পতিবার প্রশাসনের উপস্থিতিতে মাংস, মাথা ও হাড়গোড় মাটিচাপা দেওয়া হয়।
উপকূলীয় বন বিভাগের বগাচতর বিট কর্মকর্তা মোহাম্মদ হাসান বলেন, বুধবার বেলা আড়াইটার দিকে তিনি কয়েকজন ব্যক্তি বনে ফাঁদ পেতে হরিণ শিকার করে জবাই করছেন—এমন খবর পান। এরপর তাঁরা দ্রুত অভিযান শুরু করেন। বন বিভাগের লোকজনের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও মোহাম্মদ সজীবকে আটক করা হয়। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
খালেদ / পোস্টকার্ড ;




















