মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্যে সীতাকুণ্ডে অনুষ্ঠিত হয়েছে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় সীতাকুণ্ড হাই স্কুল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং সীতাকুণ্ড পৌরসভার সহযোগিতায় এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় ‘উপজেলা প্রশাসন’ ও ‘সীতাকুণ্ড পৌরসভা’ একাদশ। শত শত ক্রীড়ামোদী দর্শক মাঠে উপস্থিত হয়ে এ আনন্দময় প্রতিযোগিতা উপভোগ করেন।
খেলা শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেন, “চারিদিকে মাদকের ছোবলে সমাজ যখন ক্ষতবিক্ষত, তখন রাষ্ট্র একে মহামারী হিসেবে চিহ্নিত করে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। মাদক ক্রেতা ও বিক্রেতাদের আইনের আওতায় এনে শাস্তির পাশাপাশি তরুণ সমাজকে খেলাধুলা ও সামাজিক কর্মকাণ্ডে ব্যস্ত রাখা এখন আমাদের সকলের দায়িত্ব।”
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “বাবা-মাকে তাদের সন্তানদের ওপর কড়া নজর রাখতে হবে এবং খেলাধুলায় সময় দিতে উৎসাহিত করতে হবে। খেলাধুলা কেবল শারীরিক সুস্থতাই আনে না, মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়ারও একটি বড় মাধ্যম। মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মোরছালিন। এছাড়া উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, উপজেলা প্রশাসনের প্রতিনিধি মোঃ জাফর আহমদ ও আরেফিন। ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্বদের মধ্যে সীতাকুণ্ড ক্রীড়া সংস্থার সদস্য সচিব সোহেল উদ্দিন, সদস্য মোঃ শাখাওয়াত হোসেন, পৌর ছাত্রদল নেতা মোঃ বাবলু, মোঃ ইসমাইল, মোঃ শাকিলসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যের শেষ পর্যায়ে ইউএনও মোঃ ফখরুল ইসলাম ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, মাদকের পাশাপাশি ডেঙ্গু নির্মূলে গুলিয়াখালী সৈকতে শীঘ্রই পরিষ্কার-পরিচ্ছন্নতা ও গণসচেতনতামূলক অভিযান চালানো হবে, যেখানে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলো অংশ নেবে।
খালেদ / পোস্টকার্ড ;