বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে অভিষেকের পর এবার ইংলিশ ফুটবলেও বড় স্বীকৃতি পেলেন তরুণ উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। ইংলিশ প্রিমিয়ার লিগের দল ফুলহামের একাডেমির ২০২৬ সালের বর্ষসেরা খেলোয়াড় হিসেবে ‘জনি হেইনেস ট্রফি’ জয় করেছেন ১৯ বছর বয়সি এই ফুটবলার। ক্লাবটির খেলোয়াড় ও কোচিং স্টাফদের ভোটে নির্বাচিত হওয়ার পর অনুশীলনকেন্দ্র মোটসপুর পার্কে ট্রফিটি গ্রহণ করেন ফারহান। সতীর্থদের ভোটে এমন সম্মান পেয়ে উচ্ছ্বসিত ফারহান জানান, তাদের সহযোগিতা ও প্রতিযোগিতামূলক পরিবেশই তাকে নিয়মিত সেরাটা দিতে উৎসাহিত করেছে।
২০০৬ সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করা ফারহানের পারিবারিক শিকড় বাংলাদেশের সিলেটে। চেলসির বয়সভিত্তিক দল দিয়ে ফুটবল যাত্রা শুরু করলেও ২০১৯ সালে তিনি ফুলহামের যুব দলে যোগ দেন। অনূর্ধ্ব-২১ প্রিমিয়ার লিগ টুতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে গত মৌসুমে ২১ ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে ১৭টি গোলে অবদান রাখেন এই তরুণ। সেই ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই গত বছরের নভেম্বরে লিগটির মাসসেরা হওয়ার পাশাপাশি এবার ক্লাবের বর্ষসেরার স্বীকৃতি পেলেন তিনি।
বর্তমানে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের দল বোরহাম উডে খেলা এই উইঙ্গারের আন্তর্জাতিক ফুটবলেও শুভসূচনা ঘটেছে। গত মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের জার্সিতে তার অভিষেক হয় এবং পরবর্তী ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়ার বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক গোলটি করেন। দেশের প্রতিনিধিত্ব করাকে নিজের ও পরিবারের জন্য চূড়ান্ত গর্বের উল্লেখ করে এখন বাংলাদেশের মাটিতে জাতীয় দলের হয়ে মাঠে নামার তীব্র অপেক্ষায় রয়েছেন ফারহান।
খালেদ / পোস্টকার্ড ;