আজ ১১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, লিঙ্গবৈষম্য দূরীকরণ এবং তাদের জন্য একটি নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করার বার্তা নিয়ে প্রতিবছরের মতো এবারও দিবসটি উদযাপিত হচ্ছে। এ বছর দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—’বাল্যবিয়ে বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।
কন্যাশিশুদের সম্ভাবনা ও সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানোর পাশাপাশি শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তা নিশ্চিত করাই এই দিবসটি পালনের মূল লক্ষ্য। এর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও নেতৃত্বের বিকাশে উৎসাহ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে বাল্যবিয়ে, নির্যাতন এবং যেকোনো ধরনের বৈষম্য প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানানো হচ্ছে এ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি ও সেমিনারে।
উল্লেখ্য, ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের এক অধিবেশনে প্রতিবছরের ১১ অক্টোবরকে ‘আন্তর্জাতিক কন্যাশিশু দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর ২০১২ সালের ১১ অক্টোবর বিশ্বজুড়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দিবসটি পালন শুরু হয়। দিবসটি বিশ্বজুড়ে কন্যাশিশুদের সার্বিক নিরাপত্তা ও সমঅধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব নতুন করে মনে করিয়ে দেয়।
খালেদ / পোস্টকার্ড ;