শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলায় এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ‘সম্মিলনী ও সম্মাননা অনুষ্ঠান—২০২৬’। গত মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়। প্রাতিষ্ঠানিক কাজের ব্যস্ততা ভুলে এক ছাদের নিচে মিলিত হয়ে সবাই কাটিয়েছেন আনন্দঘন সময়।
অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল বিশেষ ব্যক্তিদের সম্মাননা প্রদান। শিক্ষা, ব্যাংকিং ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান খলিলুর রহমান সি.আই.পি, ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টের সদস্য আবদুস সালামকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া ট্রাস্টি বোর্ডের অন্যান্য সদস্যদেরও সম্মাননা স্মারকে ভূষিত করা হয়, যা পুরো অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান খলিলুর রহমান সি.আই.পি বলেন, ধৈর্য ও আল্লাহর ওপর ভরসা থাকলে সফলতা অবধারিত। এই গুণ দুটি থাকলে মানুষ হাজারো প্রতিকূলতার মাঝেও টিকে থাকতে পারে। সাউদার্ন ইউনিভার্সিটিকে নিজেদের প্রতিষ্ঠান উল্লেখ করে তিনি শিক্ষক-কর্মকর্তাদের শিক্ষার্থীদের নিজ সন্তানের মতো মানুষ করার আহ্বান জানান, যাতে একটি সমৃদ্ধ প্রজন্ম গড়ে ওঠার মাধ্যমে দেশ আরও এগিয়ে যায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বোর্ড অব ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মো. লিয়াকত আলী চৌধুরী বলেন, এমন আনন্দ আয়োজনে সবার সাথে একত্রিত হতে পেরে এবং হৃদ্যতা বাড়াতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করছেন।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য ড. শরীফ আশরাফউজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে চেয়ারম্যান মহোদয়ের অবদান অবিস্মরণীয়। তিনি অভিভাবক হিসেবে সবসময় বিশ্ববিদ্যালয়কে ছায়ার মতো আগলে রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা ও সম্মাননা পর্ব শেষে বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যানসহ উপস্থিত সকল শিক্ষক ও কর্মকর্তার অংশগ্রহণে একটি যৌথ কেক কাটার মাধ্যমে এই স্মরণীয় সম্মিলনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
খালেদ / পোস্টকার্ড



















