চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার অন্যতম পর্যটনকেন্দ্র গুলিয়াখালী সমুদ্র সৈকতে ডেঙ্গুমুক্ত পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলাম ।
অভিযান চলাকালে গুলিয়াখালী সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিন ও বিভিন্ন ধরনের বর্জ্য অপসারণ করা হয় । এই পরিচ্ছন্নতা অভিযানে সীতাকুণ্ড পৌরসভার পরিচ্ছন্নতা কর্মী এবং সীতাকুণ্ড ডিগ্রি কলেজ বিএনসিসি’র সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন । পাশাপাশি পর্যটনকেন্দ্রের সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
উদ্বোধনী ও পরিচ্ছন্নতা কার্যক্রমে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, নিয়মিত পর্যটকদের সমাগমের ফলে সৈকতে আবর্জনা জমে এবং তা সাগরের পানিতে ছড়িয়ে পড়ে পরিবেশ ও পানি দূষিত করছে। পর্যটকরা সচেতন হলে এ সংকট কাটানো সম্ভব। শুধু গুলিয়াখালী নয়, সরকারের পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে সীতাকুণ্ডের সব ইউনিয়নেই এ অভিযান চলছে। প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পর্যটকদের নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার আহ্বান জানান তিনি ।
অভিযানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বি, মৎস্য অফিসার মোতাছিম বিল্লাহ, কৃষি সম্প্রসারণ অফিসার মো. ইশতিয়াক, মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমত আরা, উপজেলা বিএনপির আহ্বায়ক কমল কদর, জেলা শিক্ষক সমিতির সভাপতি মো. মোবারক আলী মাস্টার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইযুম চৌধুরী, সাংবাদিক শেখ সালাউদ্দিন, কামরুল ইসলাম দুলু, সাইদুল ইসলাম, মুরাদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নির্মল চন্দ্র দাশ, মুরাদপুর ইউনিয়ন গ্রাম পুলিশ, যুবদল, ছাত্রদল, পৌরসভার কর্মী, সামাজিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ ।
খালেদ / পোস্টকার্ড ;