নগরীর লালখান বাজারের পোড়া কলোনি এলাকায় টানা কয়েকদিনের ভারী বর্ষণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পড়েছে। ধসে পড়া পাহাড়ের চূড়ায় একটি মসজিদ এবং পাদদেশে একাধিক বসতবাড়ি ও দোকানপাট থাকায় বর্তমানে এলাকাটিতে চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্র জানায়, গত কয়েকদিনের টানা বৃষ্টিতে পাহাড়ের মাটি চরমমাত্রায় নরম হয়ে পড়ে। এতে গতকাল পাহাড়টির একটি বিশাল অংশ নিচে ধসে পড়ে। ভাগ্যক্রমে এতে বড় ধরনের কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি না হলেও পাহাড়টি এখন অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। আবহাওয়া পরিস্থিতি অনুযায়ী বৃষ্টি অব্যাহত থাকলে যেকোনো মুহূর্তে আবারও বড় ধরনের ধসের শঙ্কা রয়েছে।
এদিকে পাহাড় ধসের ঘটনার পরও স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতার অভাব দেখা গেছে। জীবনের ঝুঁকি থাকা সত্ত্বেও পোড়া কলোনির বাসিন্দারা এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাননি। পাহাড়ের পাদদেশেই তারা এখনো চরম ঝুঁকি নিয়ে বসবাস ও ব্যবসা-বাণিজ্য চালিয়ে যাচ্ছেন।
পরিস্থিতি মোকাবেলায় খুলশী থানা পুলিশ দুর্ঘটনাকবলিত এলাকাটি পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে পাহাড়ের পাদদেশে ও আশেপাশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের অনতিবিলম্বে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
ঝুঁকি সত্ত্বেও এলাকা ছেড়ে না যাওয়ার বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা জানান, মাথা গোঁজার বিকল্প কোনো ভালো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়েই তারা এই ঝুঁকিপূর্ণ অবস্থায় অবস্থান করছেন। তবে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানা গেছে।
খালেদ / পোস্টকার্ড ;




















