দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনে উদযাপন করা হয়েছে। সীতাকুণ্ড ও মিরসরাইয়ে এনটিভির প্রতিনিধি এন এইচ শাওনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
রবিবার (৫ জুলাই) বিকেল ৫টায় সীতাকুণ্ড উপজেলার একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে সভাপতিত্ব করেন এনটিভির সীতাকুণ্ড ও মিরসরাই প্রতিনিধি এন এইচ শাওন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এশিয়ান টেলিভিশনের সীতাকুণ্ড প্রতিনিধি রেজাউল হোসেন পলাশ।
অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া সীতাকুণ্ড প্রেসক্লাবের সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ২৪ বছরের পথচলায় এনটিভি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশের গণমাধ্যমে একটি শক্ত অবস্থান তৈরি করেছে। জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সাহসিকতার সঙ্গে তুলে ধরার পাশাপাশি দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ সংবাদ দর্শকদের কাছে নির্ভরযোগ্যভাবে পৌঁছে দিয়ে প্রতিষ্ঠানটি মানুষের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও একই ধারাবাহিকতা বজায় রেখে এনটিভি আরও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে বলে বক্তারা আশা প্রকাশ করেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;














