চট্টগ্রামের সীতাকুণ্ডে পূর্ব বিরোধের জেরে একটি অসহায় পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মা-মেয়েসহ তিনজন আহত হয়েছেন। ঘটনার পর রোববার (২ আগস্ট) দুপুরে আহত রোকসানা বেগম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৪–৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় ঘরের চালা থেকে বৃষ্টির পানি গড়িয়ে পড়াকে কেন্দ্র করে রোকসানা বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশীদের দীর্ঘদিনের বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় শনিবার দুপুরে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনার সৃষ্টি হয়।
অভিযোগে বলা হয়, বিকেলে বিদ্যুতের তারে জড়িয়ে থাকা একটি গাছের ডাল কেটে আনার সময় আসামিপক্ষ রোকসানার মেয়ে সানজিদা আক্তারের ওপর চড়াও হয়। মেয়েকে রক্ষা করতে গেলে রোকসানা বেগমকেও মারধর করা হয়। একপর্যায়ে ইট দিয়ে আঘাত করলে মা ও মেয়ের মাথায় গুরুতর জখম হয়।
এ সময় তাদের উদ্ধার করতে এগিয়ে আসেন রোকসানা বেগমের ছেলে তসিফ। অভিযোগ অনুযায়ী, তাকেও এলোপাতাড়ি মারধর করা হয় এবং কামড় দিয়ে তার কানের একটি অংশ ছিঁড়ে ফেলা হয়।
তিনজনের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।
বাদী রোকসানা বেগম জানান, চমেক হাসপাতালে চিকিৎসা শেষে রোববার দুপুরে বাড়ি ফিরে তিনি থানায় মামলা করেন। অভিযুক্তদের অব্যাহত প্রাণনাশের হুমকির কারণে বর্তমানে তারা বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান করছেন বলেও দাবি করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খালেদ / পোস্টকার্ড ;




















