সীতাকুণ্ডে দেশীয় ফলের স্বাদ ও পুষ্টিগুণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘মেঘমল্লার খেলাঘর আসর’-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণিল মৌসুমী ফল উৎসব। উৎসবটির মূল লক্ষ্য ছিল আমদানিকৃত এবং ফরমালিনযুক্ত ফলের পরিবর্তে সাধারণ মানুষকে দেশীয় উৎপাদিত ও সুস্বাদু ফল গ্রহণে উৎসাহিত করা।
উৎসবের সভাপতিত্ব করেন মেঘমল্লার খেলাঘর আসরের সভাপতি তপন মজুমদার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুজিত পাল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গল্পকার দেবাশিস ভট্টাচার্য। বিশেষ অতিথি ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, এসিএল লিংক ইন্টারনেটের চেয়ারম্যান সুনন্দা ভট্টাচার্য সাগর এবং সুরাঙ্গন খেলাঘর আসরের সভাপতি পরেশ দাশগুপ্ত।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট সংগঠক ইমাম হোসেন স্বপন, সাংবাদিক তালুকদার নির্দেশ বড়ুয়া ও ইকবাল হোসেন রুবেল, সামাজিক সংগঠক হারুনুর রসিদ, সংগীতশিল্পী ওস্তাদ জাহাঙ্গীর আজিজ, সংগীত সংগঠক বিজয় কুমার রায় এবং সংগঠক জাহেদুল ইসলাম চৌধুরী বিটু। এছাড়া সংগঠনের অসংখ্য কর্মী ও শুভানুধ্যায়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
চার পর্বে বিভক্ত এই উৎসবটি ছিল বেশ নান্দনিক। অনুষ্ঠানের শুরুতে খেলাঘরের শিশুরা মৌসুমী ফলের ওপর চিত্রাঙ্কন ও সংগীত পরিবেশন করে। দ্বিতীয় পর্বে ছিল আলোচনা সভা। তৃতীয় পর্বে মনোজ্ঞ সংগীত ও নৃত্য পরিবেশন করা হয় এবং চতুর্থ পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। সবশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারীদের দেশীয় মৌসুমী ফল পরিবেশন করা হয়।
খালেদ / পোস্টকার্ড ;














