গৌরব ও ঐতিহ্যের ৬০ বছর পূর্ণ করে ৬১তম বর্ষে পদার্পণ করল দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। এশিয়ার একমাত্র শাটল ট্রেনের ক্যাম্পাস হিসেবে পরিচিত সবুজ পাহাড়ঘেরা এই বিদ্যাপীঠটি ১৯৬৬ সালের ১৮ নভেম্বর যাত্রা শুরু করেছিল। ছয় দশকের এই পথচলাকে স্মরণীয় করে রাখতে আজ বুধবার (১৮ নভেম্বর) ক্যাম্পাসে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হচ্ছে ‘হীরকজয়ন্তী’ উৎসব।
চট্টগ্রাম শহর থেকে ২২ কিলোমিটার দূরে হাটহাজারীর জোবরা গ্রামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তীর বিশাল কর্মযজ্ঞে সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ প্রায় দেড় লাখ মানুষের সমাগম হতে যাচ্ছে। উৎসবে অংশ নিতে অনলাইনে নিবন্ধন করেছেন ৬ হাজার ৫৪৭ জন সাবেক শিক্ষার্থী, আর বর্তমান শিক্ষার্থীদের জন্য অংশগ্রহণ উন্মুক্ত রাখা হয়েছে। পুরো ক্যাম্পাসজুড়ে এখন উৎসবের আমেজ; ভবন ও স্থাপনাগুলোতে পড়েছে নতুন রঙের প্রলেপ এবং ঝলমলে আলোকসজ্জা। কেন্দ্রীয় খেলার মাঠে তৈরি করা হয়েছে বিশাল আকৃতির নান্দনিক মঞ্চ, যেখানে দিনব্যাপী উৎসব আয়োজনে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬২ লাখ টাকা।
সকাল ১০টায় উদ্বোধনী ঘোষণার মধ্য দিয়ে হীরকজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হবে। শুরুতেই ক্যাম্পাসে বের করা হবে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। এরপর কেন্দ্রীয় খেলার মাঠে কেক কাটা, আলোচনা সভা এবং সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হবে। বিকেলে শুরু হবে জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান, যার প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন নগরবাউল খ্যাত জনপ্রিয় সংগীতশিল্পী জেমসসহ দেশবরেণ্য একঝাঁক তারকা শিল্পী।
এই মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে থাকবেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। এ ছাড়া চট্টগ্রামের ১৫ জন সংসদ সদস্য, চবির সাবেক শিক্ষার্থী হিসেবে বর্তমানে সংসদ সদস্যের দায়িত্বে থাকা জনপ্রতিনিধিরা এবং দেশের বিশিষ্ট নাগরিকেরা অনুষ্ঠানে যোগ দেবেন। প্রিয় ক্যাম্পাসে দীর্ঘদিন পর বন্ধুদের সঙ্গে মিলিত হওয়ার উচ্ছ্বাস প্রকাশ করে ইতিহাস বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী ও চট্টগ্রামের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, চবি ক্যাম্পাসের সঙ্গে তাদের আত্মার সম্পর্ক এবং এই হীরকজয়ন্তী স্মৃতি রোমন্থনের এক অনন্য সুযোগ।
মাত্র চারটি বিভাগ, সাতজন শিক্ষক ও ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৯টি অনুষদ, ৪৮টি বিভাগ, ছয়টি ইনস্টিটিউট, পাঁচটি গবেষণাকেন্দ্র এবং ২৫টি অধিভুক্ত কলেজ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী সংখ্যা ২৬ হাজার ৬৭৮ জন, যাদের জন্য ছাত্রদের ৯টি ও ছাত্রীদের ৫টিসহ মোট ১৪টি আবাসিক হল এবং একটি হোস্টেল রয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান জানান, প্রতিষ্ঠার পর থেকে নানা প্রতিকূলতা পেরিয়ে চবি আজ দেশের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এবং এর প্রাক্তন শিক্ষার্থীরা দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ অঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন।
তবে হীরকজয়ন্তীর এই আনন্দঘন মুহূর্তেও শিক্ষার্থীদের মাঝে বেশ কিছু অপূর্ণতার আক্ষেপ রয়েছে। দর্শন বিভাগের শিক্ষার্থী নাঈম আরাফাত ও সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সামিয়া জান্নাত জানান, ৬০ বছর পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে এখনো কোনো ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) নির্মিত হয়নি এবং সমাবর্তন হয়েছে মাত্র পাঁচটি। এ ছাড়া ২৬ হাজারের বেশি শিক্ষার্থীর জন্য শাটল ট্রেনের সংখ্যা না বাড়া, তীব্র আবাসন সংকট, হলের নিম্নমানের খাবার এবং সেশনজটের মতো সমস্যাগুলো দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন বর্তমান শিক্ষার্থীরা।
খালেদ / পোস্টকার্ড ;