পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে পুনরায় কর্মস্থলে মিলিত হয়েছে আবাসন শিল্পের অন্যতম প্রতিষ্ঠান সিপিডিএল (CPDL) পরিবার। সম্প্রতি চট্টগ্রামের ‘সিপিডিএল হ্যাপি ক্লাব’-এ বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে ‘ঈদ গেট-টুগেদার’ ও ‘মাসিক থ্যাংকস গিভিং’ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সিপিডিএল পরিবারের সদস্যরা একে অপরের সাথে ঈদের আনন্দ ও অভিজ্ঞতা বিনিময় করেন। দীর্ঘ ছুটির পর সহকর্মীদের সাথে কাটানো এই সময়টি এক স্মৃতিময় মুহূর্তে পরিণত হয়।
উল্লেখ্য যে, প্রতি মাসে নিয়মিত ‘থ্যাংকস গিভিং’ সেশন আয়োজন করা সিপিডিএল-এর একটি দীর্ঘদিনের লালিত সংস্কৃতি। এই আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠানের নিবেদিতপ্রাণ কর্মীদের কাজের স্বীকৃতি দেওয়া হয়।

এবারের অনুষ্ঠানে একইসাথে মার্চ মাসে জন্মগ্রহণকারী সদস্যদের জন্মদিন উদযাপন এবং নতুন কর্মীদের বরণ করে নেওয়া হয়।

এ সময় সিপিডিএল প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন বলেন, আমাদের মূল দর্শন “হ্যাপি টুগেদার” । তিনি বলেন, “আমরা বিশ্বাস করি সহকর্মীদের নিষ্ঠা ও স্মার্ট কাজের প্রশংসা করলে কাজের স্পৃহা বহুগুণ বেড়ে যায়। এই ধরনের আয়োজন আমাদের মধ্যকার পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করে এবং সমাজের জন্য আরও ভালো কিছু করার শক্তি জোগায়।”

পরস্পরের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের এই সংস্কৃতি সিপিডিএল-এর কর্মপরিবেশকে আরও আনন্দময় করে তুলেছে বলে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা অভিমত ব্যক্ত করেন।

শেষে মার্চ মাসের জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
খালেদ / পোস্টকার্ড ;




















