চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়ক পারাপারের সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নিহতের স্বজনদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় সীতাকুণ্ডে অবস্থিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (আইআইইউসি) সংলগ্ন এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইশা ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বটকাটিয়া এলাকার বাসিন্দা সাখাওয়াত হোসেন ও সালমা আক্তার দম্পতির মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ে আসার পর রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি যান মাইশাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সীতাকুণ্ডে আইআইইউসির সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;