বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)-এর কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠন পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। নবনিযুক্ত প্রশাসক হিসেবে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের সচিব ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
সংগঠন সূত্রে জানা গেছে, বিএসবিআরএ-এর ২০২৩-২৫ অর্থবছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির মেয়াদ গত ৯ নভেম্বর ২০২৫ তারিখে শেষ হয়। বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা থাকলেও বিভিন্ন অনিয়ম ও অভিযোগের মুখে নির্বাচন বোর্ড পদত্যাগ করায় আইনি জটিলতা সৃষ্টি হয়।
পরবর্তীতে কমিটির মেয়াদ বৃদ্ধির আবেদন করা হলেও বাণিজ্য মন্ত্রণালয় তা অনুমোদন না করে বাণিজ্য সংগঠন আইন, ২০২২ অনুযায়ী প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখার মহাপরিচালক মোহাম্মদ রেহান উদ্দিন স্বাক্ষরিত এক পত্রে এই আদেশ জারি করা হয়।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক সংগঠনের সাধারণ সদস্য ও সাবেক কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন। উক্ত সভায় উপস্থিত ছিলেন, উপদেষ্টা পরিষদের সদস্য কামাল উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মো. আমজাদ হোসেন চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট জহিরুল ইসলাম রিংকুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় প্রশাসক আবু সাফায়াত মোহাম্মদ শাহেদুল ইসলাম বলেন, “মন্ত্রণালয় অর্পিত এই বিশেষ দায়িত্ব আমি প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথভাবে পালন করতে বদ্ধপরিকর।” তিনি সংগঠনের কার্যক্রমে স্থবিরতা কাটাতে এবং একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে সদস্যদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। এছাড়া দ্রুততম সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রীদের সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
খালেদ / পোস্টকার্ড;




















