দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় এবং সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের উদ্যোগে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ত্রিপুরা সম্প্রদায়ের পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার দিনব্যাপী উপজেলার কুমিরা পাহাড়, সোনাইছড়ি ইউনিয়নের ইসলামী বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাহাড় এবং বার আউলিয়ার ফুলতলা এলাকার পাহাড়ে বসবাসরত প্রায় ৩০০টি ত্রিপুরা পরিবারের মাঝে চালসহ বিভিন্ন ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম দুর্গম পাহাড়ি এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ কার্যক্রম তদারকি করেন। এ সময় তিনি টানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ত্রিপুরা পরিবারের ঘরবাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত বসতঘর মেরামতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।
এছাড়া বিকেলে বার আউলিয়া খালের ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝেও চাল ও অন্যান্য ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণকালে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা আক্তার তামান্না, প্রকল্প বাস্তবায়ন সহকারী কর্মকর্তা রুবেল দাশ, সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শোভন কান্তি ভৌমিক, সহকারী জসিম উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অ্যাডভোকেট আবদুর রহিম, উপসহকারী কৃষি কর্মকর্তা ও ট্যাগ কর্মকর্তা মিত্রা বিশ্বাস, স্বাস্থ্য কর্মকর্তা নুরুল করিমসহ উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খালেদ / পোস্টকার্ড ;




















