মা ও শিশু স্বাস্থ্যসেবায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে আবার ‘শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা’র পুরস্কার লাভ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘মমতা’। এ নিয়ে সংস্থাটি মোট ১৮ বার এই গৌরবময় জাতীয় পুরস্কার অর্জন করল।
রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘তরুণদের আশা–আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’।
অনুষ্ঠানের প্রধান অতিথি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মমতার প্রধান নির্বাহী, একুশে পদকপ্রাপ্ত সমাজসেবক রফিক আহামদ। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
জাতীয় পর্যায়ের পাশাপাশি চট্টগ্রাম বিভাগীয় ও জেলা ক্যাটাগরিতেও শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করেছে সংস্থাটি। বিভাগীয় পর্যায়ের পুরস্কার গ্রহণ করেন মমতার উপ-প্রধান নির্বাহী তৌহিদ আহমেদ এবং জেলা পর্যায়ের পুরস্কার নেন মমতা মাতৃসদনের সিনিয়র কনসালটেন্ট ডা. মোর্শেদা বেগম।
এই অনন্য অর্জনে অনুভূতি প্রকাশ করে মমতার প্রধান নির্বাহী রফিক আহামদ বলেন, “চার দশকেরও বেশি সময় ধরে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবায় নিরলস কাজের মাধ্যমে মমতা আজ দেশজুড়ে একটি নির্ভরযোগ্য ব্র্যান্ড এবং সরকারের একটি শক্তিশালী সহায়ক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। চট্টগ্রামে এই খাতে মমতা যুগান্তকারী ভূমিকা রাখছে। সরকারের এই স্বীকৃতি আমাদের তথা পুরো চট্টগ্রামবাসীর জন্য এক বিশাল গৌরব ও আনন্দের।”
খালেদ / পোস্টকার্ড ;




















