কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।।
চট্টগ্রামের সীতাকুণ্ডে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) সকালে উপজেলার সোনাইছড়ি ও বাড়বকুণ্ড ইউনিয়নে এসব দুর্ঘটনা ঘটে।
বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বিএম ডিপো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় আনুমানিক ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন। তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
অপরদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে বাড়বকুণ্ড ইউনিয়ন পরিষদ সড়কের সামনে নুরমারদীঘির এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে একটি বাসের ধাক্কায় জানে আলম জুনু (৭০) নামে এক বৃদ্ধ নিহত হন। তিনি বাড়বকুণ্ড ইউনিয়নের জুদারপাড়া গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসেম আলী জানান, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। উভয় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, টানা বৃষ্টির কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে যানবাহন চলাচলে ঝুঁকি বেড়েছে এবং সড়ক দুর্ঘটনার সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে।
খালেদ / পোস্টকার্ড ;



















