টানা অতি ভারী বর্ষণ ও এর ফলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী হযরত খাজা কালুশাহ (রহঃ) সুন্নিয়া ফাজিল (ডিগ্রী) মাদরাসার চলমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস কর্তৃক জারীকৃত এক জরুরি নির্দেশনার আলোকে আজ বৃহস্পতিবার (০৯ জুলাই, ২০২৬) অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত ঘোষণা করে মাদরাসা কর্তৃপক্ষ।
মাদরাসার অধ্যক্ষ ও সচিব মাওলানা মোহাম্মদ আবুল কালাম আমিরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জলমগ্ন পরিস্থিতির কারণে গত ৮ জুলাই (বুধবার) এবং আজ ৯ জুলাই (বৃহস্পতিবার) তারিখের নির্ধারিত পরীক্ষাগুলো স্থগিত করা হলো। এই দুই দিনের স্থগিত হয়ে যাওয়া পরীক্ষার নতুন সময়সূচি ও তারিখ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
তবে বিরতির পর আগামী ১২ জুলাই (রবিবার) থেকে পূর্বনির্ধারিত রুটিন অনুযায়ী অন্যান্য বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে বলে মাদরাসা প্রশাসন নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সীতাকুণ্ডের কালুশাহ নগর, সলিমপুর এলাকায় অবস্থিত এই দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠানটির অনেক শিক্ষার্থী ও পরীক্ষার্থী নিচু এলাকার জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়ায় জেলা শিক্ষা অফিসের নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;




















