চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় স্বামীর অনুপস্থিতিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে অভিযুক্ত নগদ টাকা ও একটি মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত একটার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের জেলেপাড়া এলাকায়।
ভুক্তভোগী নারীর অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার রাতে তিনি বাড়িতে একা ছিলেন। এই সুযোগে পার্শ্ববর্তী জুদারপাড়া এলাকার বাসিন্দা জরিপ আলীর ছেলে রবিউল হোসেন (২৯) ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। ওই নারী চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত রবিউল ঘরে থাকা নগদ টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ভুক্তভোগীর স্বামী বিপ্লব দাশ জানান, ঘটনার সময় তিনি পেশাগত প্রয়োজনে অন্য জেলেদের সঙ্গে সাগরে মাছ ধরতে গিয়েছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফিরে স্ত্রীকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং তার কাছ থেকে পুরো ঘটনাটি শোনেন।
বিপ্লব দাশ আরও অভিযোগ করেন, অভিযুক্ত রবিউল শুধু তাদের বাড়িতেই নয়, ওই একই রাতে আরও দুটি পরিবারের ঘরে ঢুকে নগদ টাকা ও মুঠোফোন লুট করেছে। তার দাবি, রবিউল ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।
ঘটনার পর ভুক্তভোগী নারী বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় চুরি ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবার।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মোহাম্মদ আলমগীর বলেন, ‘চুরি ও শ্লীলতাহানির অভিযোগে ভুক্তভোগী নারী থানায় মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’
খালেদ / পোস্টকার্ড ;



















