মাদকের অপব্যবহার ও যুবসমাজের অবক্ষয় রোধে প্রশাসনের কঠোর অভিযানের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্ব মাদকবিরোধী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৬ জুন) সকালে সীতাকুণ্ড পৌরসভা চত্বরে এক বর্ণাঢ্য র্যালি ও মানববন্ধনের আয়োজন করে স্থানীয় উন্নয়ন সংস্থা ‘শৈলী’। জেসমিন আরা-বদিউল আলম কল্যাণ ট্রাস্টের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শৈলীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম ওয়াহিদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন অনিকের সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সীতাকুণ্ড বাজার কমিটির সাবেক সভাপতি রেজাউল করিম বাহার, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, আজমল হোসেন হিরো, ইমাম হোসেন স্বপন, খেলাঘর সভাপতি তপন চক্রবর্তী, সমিরন ভট্টাচার্য, অমর শীল, রুবেল, রোমন, মোহাম্মদ হারুন, সাদেক, মুনমুন বনিক, কাকলি বড়ুয়া প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সমাজে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। বক্তারা বলেন, বর্তমানে সমাজে মাদকের ছড়াছড়ি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় যুবসমাজের অবক্ষয় রোধ করা কঠিন হয়ে পড়ছে অন্যদিকে প্রশাসন যে পরিমাণ মাদক আটক করছে, তার চেয়ে বহুগুণ মাদক অধরাই থেকে যাচ্ছে। তাই মাদকের অপব্যবহার ও পাচার রোধে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সামাজিক সংগঠনগুলোকেও এগিয়ে আসতে হবে। তাছাড়া যুব সমাজকে মাদকের মরণ ছোবল থেকে রক্ষা করতে হলে নিয়মিত মাদকবিরোধী অভিযান জোরদার করতে হবে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
বক্তারা জোর দিয়ে বলেন, মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার মাধ্যমেই কেবল এই জাতীয় সমস্যার স্থায়ী সমাধান ও যুবসমাজকে রক্ষা করা সম্ভব।
খালেদ / পোস্টকার্ড ;




















