চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ট্রাক ও মাইক্রোবাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী এক জামায়াত নেতা নিহত হয়েছেন। শুক্রবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদামবিবির হাট এলাকার ফুট ওভারব্রিজ অংশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত মো. মহিউদ্দিন (৪২) উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার হাজি নেছার আহমদের ছেলে। তিনি ভাটিয়ারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি ছিলেন এবং পেশাগতভাবে পুরাতন জাহাজের ক্যাবল ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
বারআউলিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, সকালে মোটরসাইকেল চালক মহিউদ্দিন মাদামবিবির হাট ফুট ওভারব্রিজ এলাকায় একটি ট্রাককে অতিক্রম (ওভারটেক) করছিলেন। ঠিক একই সময়ে পেছন থেকে দ্রুতগতির একটি মাইক্রোবাসও মোটরসাইকেলটিকে অতিক্রম করার চেষ্টা করে। এতে দুই বড় গাড়ির মাঝে চাপা পড়ে মোটরসাইকেলসহ মহিউদ্দিন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাইওয়ে পুলিশ জানায়, ঘটনার পর পরই চালকরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাক, মাইক্রোবাস এবং ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে মহিউদ্দিনের এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী। তিনি বলেন, “সকালে বাড়ি থেকে বের হয়ে একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন মহিউদ্দিন। মাইক্রোবাসের বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।”
খালেদ / পোস্টকার্ড ;



















