সীতাকুণ্ডে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে দ্রুতগতির বাসের ধাক্কায় মো. ইয়াছিন আরাফাত আকাশ (১৯) নামে এক অটোরিকশা চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মীরেরহাট এলাকার মো. ইব্রাহিমের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি দ্রুতগতির সিডিএম বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। অটোরিকশাটি উল্টোপথে ঘুরিয়ে মহাসড়কে ওঠার সময় বাসটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আকাশসহ অটোরিকশার যাত্রীদের উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আকাশের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রী গুরুতর আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
আকাশের পরিবার সূত্রে জানা গেছে, তিন ভাই ও এক বোনের মধ্যে সবার বড় ছিলেন তিনি। সংসারের অভাব-অনটন দূর করতে পড়াশোনা ছেড়ে অল্প বয়সেই অটোরিকশা চালানোর পেশা বেছে নিয়েছিলেন এই তরুণ। তার মৃত্যুতে পুরো পরিবারে এখন শোকের ছায়া নেমে এসেছে। উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে আকাশ বাবা-মায়ের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, দুর্ঘটনাকবলিত বাসটিকে আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
খালেদ / পোস্টকার্ড ;




















