চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া স্কুলছাত্র মো. রিফাতের (১৮) মরদেহ উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী ও ফায়ার সার্ভিস।
রবিবার (২৪ মে) সকাল ৯টার দিকে সৈকত সংলগ্ন একটি কেওড়া বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রিফাত কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর এলাকার মোহাম্মদ খায়রুল ইসলামের ছেলে।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, সিরাজগঞ্জ থেকে পাঁচ বন্ধু বেড়াতে সীতাকুণ্ডে আসে। শনিবার তারা গুলিয়াখালী সমুদ্র সৈকতে গোসল করতে নামলে জোয়ারের পানিতে ভেসে যায়। এ সময় চারজনকে উদ্ধার করা সম্ভব হলেও রিফাত নিখোঁজ হয়।
পরদিন সকালে কেওড়া বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
খালেদ / পোস্টকার্ড ;



















