চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশকে ঘিরে চলমান নানা ষড়যন্ত্র, অপপ্রচার ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (২৪ মে) সকাল ১০টায় সীতাকুণ্ড ডি.টি রোডে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখার সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
ইসলামী ব্যাংকিং খাতকে ধ্বংসের চক্রান্ত রুখে দেওয়ার প্রত্যয়ে আয়োজিত এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক সাধারণ মানুষ ও গ্রাহক অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মো. আবুল হোসেন, ডা. কামাল উদ্দিন, নুরুল গনি ও মো. কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশে বক্তারা বলেন, “দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’ সুদীর্ঘকাল ধরে দেশের অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল অবদান রেখে আসছে। কিন্তু দুঃখজনকভাবে একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিত উপায়ে ব্যাংকটির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা সামগ্রিকভাবে দেশের পুরো ব্যাংকিং খাতের জন্যই এক বড় হুমকি।”
মানববন্ধনে অংশগ্রহণকারী গ্রাহকেরা বলেন, ইসলামী ব্যাংকের প্রতি দেশের সাধারণ মানুষের আস্থা দীর্ঘদিনের ও সুদৃঢ়। কিছু গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে। সাধারণ গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং দেশের ব্যাংকিং খাতে স্থিতিশীলতা বজায় রাখতে সব ধরনের ষড়যন্ত্র ও অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকর আইনি পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তারা।
খালেদ / পোস্টকার্ড ;



















