চট্টগ্রামের সীতাকুণ্ডে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে বিপুল পরিমাণ সরকারি চাল মজুত এবং মোড়ক পরিবর্তন করে বাজারজাত করার অভিযোগে অভিযান চালিয়েছে র্যাব-৭ ও খাদ্য অধিদপ্তর। অভিযানে ৫৭৮.৬০ মেট্রিক টন চাল জব্দ করার পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৩ মে) উপজেলার কদমরসুলপুর এলাকায় সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এই যৌথ অভিযান পরিচালিত হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে একদল অসাধু ব্যবসায়ী সরকারি চাল সংগ্রহ করে তা ভিন্ন মোড়কে ভরে সাধারণ চাল হিসেবে বাজারে বিক্রি করছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-৭ ও খাদ্য অধিদপ্তরের একটি বিশেষ টিম কদমরসুলপুর এলাকায় অভিযান চালায়।
অভিযান চলাকালীন একটি গুদামে ৫৭৮.৬০ মেট্রিক টন চালের সন্ধান পাওয়া যায়, যার কোনো বৈধ কাগজপত্র বা লাইসেন্স মজুতকারীরা দেখাতে পারেননি। এসময় সরকারি চালের বস্তা বদলে বেসরকারি ও আকর্ষণীয় মোড়কে চাল প্যাকেটজাত করার প্রমাণ পাওয়া যায়।
এ ঘটনায় আব্দুল আজিজ (২৮) নামে একজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব। তিনি জোরারগঞ্জ থানার বামুন সুন্দর দারোগাহাট এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ ধারায় আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অবৈধভাবে চাল মজুত করে কৃত্রিম সংকট তৈরি ও প্রতারণার দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, বাজার স্থিতিশীল রাখতে এবং সরকারি সম্পদের অপব্যবহার রোধে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
খালেদ/ পোস্টকার্ড ;



















