চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়া এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর এক বন্ধুকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম মো. মেহেরাজ হোসেন (১৯)। তিনি চট্টগ্রাম এমইএস কলেজের ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১ মে) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম নগরী থেকে মেহেরাজ হোসেন ও তাঁর বন্ধু মো. সাব্বির বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। সৈকতে অবস্থানকালে মেহেরাজ হঠাৎ করে সাগরের পানিতে পড়ে গেলে সাব্বির তাঁকে বাঁচাতে ঝাপ দেন। সাগরের উত্তাল ঢেউ ও জোয়ারের পানিতে দুজনেই ভেসে যেতে থাকেন।
সৈকতে থাকা স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত একটি বোটের সাহায্যে তাঁদের উদ্ধারের চেষ্টা চালায়। সাব্বিরকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও মেহেরাজ পানিতে তলিয়ে নিখোঁজ হয়ে যান। প্রায় এক ঘণ্টা নিখোঁজ থাকার পর মেহেরাজকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলতাফ হোসেন বলেন , সন্ধা সাড়ে ছয়টার সময় এক তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রয়োজনীয় পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়েছে ।
সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মেহেরাজ সাঁতার না জানার কারণেই পানিতে ডুবে মারা গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করছে।
খালেদ / পোস্টকার্ড ;



















