প্রতিরক্ষা বিষয়ক সাংবাদিকদের শীর্ষ সংগঠন ডিফেন্স জার্নালিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে পুনরায় নির্বাচিত হয়েছেন দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল আই-এর জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি অভিজাত রিসোর্টে সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। আলমগীর হোসেন বিদায়ী কমিটিতেও সফলভাবে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন।

নির্বাচনী সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্ববর্তী কমিটির কাঠামো ছোট করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন,
সহসভাপতি: জামাল উদ্দিন (বিশেষ প্রতিনিধি, বাংলা ট্রিবিউন)
যুগ্ম সম্পাদক: আলী আসিফ শাওন (চিফ রিপোর্টার, ঢাকা ট্রিবিউন)
অর্থ সম্পাদক: কাজী সোহাগ (সিনিয়র রিপোর্টার, বাংলাদেশ প্রতিদিন)
সাংগঠনিক সম্পাদক: সাইফ বাবলু (সিনিয়র রিপোর্টার, রূপালি বাংলাদেশ)
দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ): কামাল হোসেন তালুকদার (বিশেষ প্রতিনিধি, দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকম)
আন্তর্জাতিক সম্পাদক: হাবিবুল্লাহ মিজান (সম্পাদক, অলক্রাইমস.টিভি)
নির্বাহী সদস্য: যথাক্রমে আয়নাল হোসেন (সিটিজেন জার্নাল), এস এম মিন্টু (নয়াদিগন্ত) ও মনি আচার্য্য (ঢাকা পোস্ট)।
তিন সদস্যের ডিজাব নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি মামুনুর রশীদ। অপর দুই কমিশনার ছিলেন দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং আইজ্যাব (IJAB) সভাপতি ও যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন।
এর আগে বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহর সঞ্চালনায় সভায় প্রতিরক্ষা সাংবাদিকতার মান উন্নয়ন এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুক্ত আলোচনায় সদস্যরা বলেন, রাষ্ট্রের সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতের আধুনিকায়ন নিয়ে বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশের মাধ্যমে ডিজাব দেশের অগ্রগতিতে বিশেষ অবদান রাখবে।
নির্বাচন শেষে কমিশন আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করেন এবং নতুন কমিটিকে অভিনন্দন জানান।
খালেদ / পোস্টকার্ড ;



















