ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে দাঁড়িয়ে থাকা একটি লরির ওপর তুলাভর্তি কনটেইনার আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। এতে লরির ভেতরেই আটকা পড়েন চালকের সহকারী মো. ইয়াসিন (২৫)। প্রায় এক ঘণ্টার রুদ্ধশ্বাস চেষ্টা ও ভারী ক্রেন ব্যবহারের পর তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।
বুধবার ( ২২ এপ্রিল ) বেলা সাড়ে তিনটার দিকে সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের মডার্ন পাইলন এলাকায় ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির ওপর হঠাৎ একটি তুলাভর্তি ভারী কনটেইনার আছড়ে পড়ে। এতে লরির কেবিনের একাংশ দুমড়েমুচড়ে যায় এবং চালকের আসনের পাশে বসে থাকা সহকারী ইয়াসিন কনটেইনারের নিচে চাপা পড়ে যান। এই সময় কনটেইনারের নিচে ইয়াসিনের কোমরের নিচের অংশ আটকে যাওয়ায় তিনি যন্ত্রণায় চিৎকার করছিলেন।দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালান এবং প্রথমে সাধারণ একটি ক্রেন দিয়ে কনটেইনারটি সরানোর চেষ্টা করা হলেও ভারী ওজনের কারণে তা সম্ভব হয়নি। পরবর্তীতে আরও শক্তিশালী ও ভারী ক্রেন ঘটনাস্থলে এনে দীর্ঘ এক ঘণ্টার চেষ্টায় কনটেইনারটি সরিয়ে তাকে বের করা হয়।
উদ্ধারের পর ইয়াসিনকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে। দায়িত্বরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং বিশেষ করে তার বাঁ পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আকবরশাহ থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তাফিজুর রহমান ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করে। লরি ও কনটেইনারটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। ক্ষতিগ্রস্ত পক্ষ মামলা করতে চাইলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বর্তমানে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সিএমপির আকবরশাহ থানা হেফাজতে রয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কের ঢাকামুখী লেনে কিছু সময়ের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
খালেদ / পোস্টকার্ড ;



















