কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড।।
সীতাকুণ্ডে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদ, নির্বিঘ্ন ও সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে এবারও বিনামূল্যে বাস সার্ভিস চালু করা হয়েছে। মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (MFJF)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট – এসএসসি ২০২৬’ কার্যক্রমের আওতায় সোমবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে নেওয়া এ মানবিক উদ্যোগটি সীতাকুণ্ডে এবার ৯ম বারের মতো পরিচালিত হচ্ছে, যা ইতোমধ্যে প্রশংসিত ও অনুকরণীয় উদ্যোগ হিসেবে পরিচিতি পেয়েছে।
এবারের নির্ধারিত বাস রুটগুলো হলো— বড়োদারোগাহাট থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে একে খান এবং কুমিরা থেকে সীতাকুণ্ড।
আয়োজকরা জানান, ২০২২ সাল থেকে পরীক্ষার্থীদের জন্য এই বিশেষ পরিবহন সেবা চালু রয়েছে। পরীক্ষার দিনে যানজট, ভোগান্তি ও সময়মতো কেন্দ্রে পৌঁছানোর দুশ্চিন্তা দূর করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে শিক্ষার্থীরা মানসিক চাপমুক্ত থেকে পরীক্ষায় মনোযোগ দিতে পারবে।
এমএফজেএফ ইতোমধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও কর্মসংস্থানসহ বিভিন্ন খাতে ৬০টিরও বেশি সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়ন করেছে। উল্লেখযোগ্য উদ্যোগের মধ্যে রয়েছে স্পোকেন ইংলিশ কোর্স, বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ক্লিন সীতাকুণ্ড অভিযান, ক্যান্সার স্ক্রিনিং, বৃক্ষরোপণ, কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা, হ্যান্ড পেইন্ট প্রশিক্ষণ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি শোধন প্ল্যান্ট স্থাপন।
স্বেচ্ছাসেবী কার্যক্রমে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ৪টি আন্তর্জাতিক ও ৫টি জাতীয় পুরস্কার অর্জন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া এবং সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নুর উদ্দীন লিটন, উপদেষ্টা মো. জাহেদ হোসেন, সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী, সাধারণ সম্পাদক ও রোড টু লাইটের প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘রোড টু লাইট – এসএসসি ২০২৬’ কার্যক্রমের উদ্বোধন উৎসবমুখর ও সফল পরিবেশে সম্পন্ন হয়।
খালেদ / পোস্টকার্ড ;



















