চট্টগ্রামের সীতাকুণ্ডে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ডেইরি ফার্মের ১০টি গরু ও ১৩টি ছাগল জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনায় খামার সংলগ্ন পাঁচটি মুদি দোকানও সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গোয়ালিনী কারখানার সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকায় অবস্থিত ‘মা–বাবার দোয়া ডেইরি অ্যান্ড অ্যাগ্রো ফার্মে’ গভীর রাতে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো খামারে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও তার আগেই আগুনে পুড়ে খামারের সব গবাদিপশু মারা যায়।
খামারের মালিক হাবিবুর রহমান মিন্টু কান্নায় ভেঙে পড়ে বলেন, “আগুনে আমার ১০টি গরু ও ১৩টি ছাগল পুড়ে মারা গেছে। এই খামার থেকে প্রতিদিন অন্তত ৩০ লিটার দুধ পাওয়া যেত। এখন আমি সব হারিয়ে নিঃস্ব হয়ে গেছি।”
খামারের আগুনের উত্তাপ ও তীব্রতা এতটাই বেশি ছিল যে, পাশের শুক্কুর সওদাগরের মালিকানাধীন পাঁচটি মুদি দোকানও রক্ষা পায়নি। ক্ষতিগ্রস্ত দোকানি সুমন জানান, আগুন এত দ্রুত ছড়িয়েছে যে দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ মেলেনি। এতে তার প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে আগুন আশপাশের জনবসতি বা অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এবং মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
বর্তমানে ক্ষতিগ্রস্ত খামারি ও ব্যবসায়ীরা দিশেহারা অবস্থায় রয়েছেন। স্থানীয়রা এই অপূরণীয় ক্ষতির মুখে পড়া খামারি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তায় প্রশাসনের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।
খালেদ / পোস্টকার্ড ;



















