চট্টগ্রামের সীতাকুণ্ডে সাত বছরের শিশু জান্নাতুল নাইমা হীরামনিকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার বাবু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সায়মা আফরিনের আদালতে তাকে হাজির করা হলে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামি বাবু শেখ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা করেছেন। জবানবন্দি গ্রহণ শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত রোববার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড পৌর সদরের বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের দুর্গম পাহাড়ি এলাকা থেকে জান্নাতুল নাইমা হীরামনিকে গলার শ্বাসনালি কাটা অবস্থায় উদ্ধার করেন স্থানীয় কয়েকজন শ্রমিক। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৫টার দিকে শিশুটির মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
ঘটনার পর পরই পুলিশ কুমিরা এলাকা থেকে অভিযুক্ত বাবু শেখকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে সীতাকুণ্ড থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, শিশুটির বাবা মনিরের সঙ্গে বাবু শেখের পারিবারিক বিরোধ ছিল। সেই বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মামলার তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
খালেদ / পোস্টকার্ড ;



















