সীতাকুণ্ডে রেলওয়ের জমিতে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকাল পাঁচটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত উপজেলার কদমরসুল এলাকায় এই অভিযান চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কদমরসুল এলাকার পূর্ব পাশের পুরো গ্রামের পানি নিষ্কাশনের প্রধান পথ এই রেলওয়ের জমি দিয়ে প্রবাহিত। তবে একটি প্রভাবশালী পরিবার দীর্ঘ কয়েক বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে ওই জমি দখল করে দোকানপাট ও বসতঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিল। এর ফলে বর্ষা মৌসুমে পুরো এলাকা জলাবদ্ধতায় পড়ে এলাকাবাসী চরম দুর্ভোগ পোহাতে হয় । পরে এলাকাবাসীর চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করলে মঙ্গলবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন রেলওয়ে ম্যাজিস্ট্রেট ও ভূমি সম্পদ কর্মকর্তা খোরশেদ আলম চৌধুরী। এসময় তিনটি দোকান ও পাঁচটি অবৈধ বসতঘর উচ্ছেদ করা হয়। এছাড়া অবশিষ্ট অবৈধ দখলদারদের নির্দিষ্ট সময়ের মধ্যে জায়গা খালি করার জন্য নোটিশ প্রদান করা হয়।
রেলওয়ে ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, নির্ধারিত সময়ের মধ্যে যারা স্বেচ্ছায় জমি ছেড়ে দেবে না, তাদের বিরুদ্ধে পুনরায় কঠোর অভিযান চালানো হবে।
এলাকাবাসী রেলওয়ে কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, স্থায়ীভাবে অবৈধ দখলমুক্ত হলে এলাকায় জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং জনদুর্ভোগ অনেকটাই কমে আসবে।
খালেদ / পোস্টকার্ড ;



















