চট্টগ্রাম-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো: আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেছেন, শাসক হওয়া আমার লক্ষ্য নয় আমি জনগণের সেবক হতে চাই। মানুষের উপর কর্তৃত্ব করা আমার লক্ষ্য নয়, আমি শুধু একজন সৎ, জবাবদিহি মূলক আপনাদের প্রতিনিধি হতে চাই।
তিনি তার এক ফেসবুক বার্তায় লেখেন, একটা জিনিস খেয়াল করেছেন? আমাদের দেশে বাজেট আসে আর যায় কিন্তু টাকার কোনো হিসাব থাকে না। প্রকল্প হয় ১০ লাখ টাকার, কাজ হয় দুই লাখ টাকার, এটি উন্নয়ন নাকি মানুষের অধিকার ক্ষতিগ্রস্ত হওয়া?
তিনি বলেন,আমাদের পরিষ্কার ঘোষণা আমরা দুর্নীতির ধারেকাছেও যাবো না, সরকারি বড়ো কোনো সুবিধা নেব না আর মানুষের টাকার হিসাব মানুষের সামনে পরিষ্কার করে প্রকাশ করব।
আমরা কোনো আকাশকুসুম স্বপ্ন দেখাই না। যা বাস্তবে করা সম্ভব, যা আমাদের সামর্থ্যের ভেতর, শুধু সেটাই বলি।
আনোয়ার সিদ্দিক বলেন, স্বচ্ছতা, ন্যায্যতা আর টেকসই উন্নয়নের উপর ভিত্তি করে আমাদের এই এলাকাকে বদলে দেওয়াই আমার লক্ষ্য। এই পরিবর্তন হবে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে, সব ধরনের মানুষকে সাথে নিয়ে, মানুষের জন্য কাজ করে।
খালেদ / পোস্টকার্ড ;



















